দুই দিনের সফরে ঢাকা আসছেন জয়শঙ্কর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি চূড়ান্ত করতে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকায় যাচ্ছেন। চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ ঢাকায় থাকার সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিবের এই সফরের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের আমন্ত্রণেই এই সফর। প্রধানমন্ত্রীর সফরের বিষয় ছাড়াও দুই দেশের সার্বিক দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে এই সফরে আলোচনা হবে।
জয়শঙ্কর দিল্লি থেকে যাচ্ছেন শ্রীলঙ্কা। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি সে দেশে কাটিয়ে তিনি যাবেন বেইজিং। ২২ ফেব্রুয়ারি ভারত-চীন কৌশলগত আলোচনায় অংশ নিয়ে যাবেন ঢাকায়। ২৩ তারিখ ঢাকায় কাটিয়ে পরের দিন তিনি দিল্লি ফিরে অাসবেন।
জয়শঙ্করের এই সফরের মূল উদ্দেশ্য শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করা। গত বছরের ডিসেম্বরে এই সফর হওয়ার কথা ছিল। সে জন্য বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক দিল্লিও এসেছিলেন। কিন্তু নানা কারণে সফরটি পেছানোর অনুরোধ জানায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর এরপর বাংলাদেশে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেন। সেই সময় ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভারত সফর হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারির সফরও পিছিয়ে দেয় ভারত। মার্চের ১১ তারিখ এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা করা হবে। এর দুই দিন আগে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। শেষ হবে ১২ এপ্রিল। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। কাজেই মনে করা হচ্ছে, শেখ হাসিনার ভারত সফর হবে এপ্রিলেই।
বিকাশ স্বরূপ জানান, পররাষ্ট্রসচিবের এই সফরে দুই দেশের সার্বিক সম্পর্কের বিষয়গুলো আলোচিত হবে। তবে শেখ হাসিনার সফরে তিস্তার পানি চুক্তি ও গঙ্গা ব্যারাজ নির্মাণ-সংক্রান্ত জটিলতা দূর হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, এই দুই দেশের সম্পর্ক একমাত্রিক নয়, বরং বহুমাত্রিক। সেই বহুমাত্রিক চরিত্রের ব্যাপ্তির প্রসারই দুই দেশের লক্ষ্য। বিকাশ স্বরূপ বলেন, এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই পররাষ্ট্রসচিবের ঢাকা সফরের উদ্দেশ্য। সম্পর্কের সব কিছু নিয়েই আলোচনা হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি মূল্যবান সহযোগী তারা। বিবিআইএন মোটর চুক্তির সহযোগীও তারা।
তিস্তার পানিবণ্টন ও গঙ্গা ব্যারাজ নির্মাণ—দুটি বিষয়ই বাংলাদেশের কাছে অত্যন্ত স্পর্শকাতর। এই স্পর্শকাতরতা সে দেশের রাজনৈতিক ক্ষেত্রকেও প্রভাবিত করে আসছে। ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে যে চুক্তি হওয়ার কথা ছিল, পাঁচ বছর কেটে যাওয়ার পরও সেই তিস্তা নিয়ে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ সংগত কারণেই কিছুটা অভিমানী। গত বছর গোয়ায় ‘ব্রিকস’ ও ‘বিমসটেক’-এর আসরে বাংলাদেশের সেই অভিমানের ছোঁয়া ভারত পেয়েছিল। গত ছয় মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজনৈতিক সম্পর্কেরও যথেষ্ট অবনতি হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের দাবি ও আকাঙ্ক্ষা ভারত কীভাবে ও কতটা মেটায়, ভারত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটা সন্তুষ্ট করে—শীর্ষ সফরের অাগ্রহ সেটাই।