ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুই দিনের সফরে গতকাল রোববার বিকেলে ঢাকায় এসেছেন। তাঁর সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি ও গ্যাস খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ভারতের প্রতিমন্ত্রীর এই সফরকালে এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপনে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বিপিসি। এ ছাড়া আমদানি করা জ্বালানি তেলের দাম ও উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হবে।
সূত্র বলেছে, গত মাসের (মার্চ) শেষার্ধে নুমালিগড় শোধনাগার থেকে পার্বতীপুরে ডিজেল আমদানি শুরু হয়েছে। ‘গুডউইল জেসচার’ হিসেবে তখন ২ হাজার ২০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ করে ভারত। তবে আমদানি করা ডিজেলের দাম নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়নি। ভারত যে দাম চাইছে, তা বেশি বলে মনে করছে বাংলাদেশ। তাই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আপাতত ট্রেনযোগে তেল আমদানি করা হলেও ভবিষ্যতে দুই দেশের মধ্যে পাইপলাইন স্থাপন করা হবে। সে বিষয়েও বিস্তারিত আলোচনার প্রয়োজন।
মন্ত্রণালয় সূত্র বলেছে, বাংলাদেশ আবাসিক ও ক্ষেত্রবিশেষে বাণিজ্যিক ব্যবহারের জন্য পাইপলাইনের গ্যাসের পরিবর্তে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ব্যবহার বাড়াতে চায়। এই গ্যাস প্রধানত আমদানিনির্ভর। ভারতে এলপি গ্যাসের বহুল ব্যবহার রয়েছে। তাই উত্তরাঞ্চলে ব্যবহারের জন্য ভারত থেকে এলপি গ্যাস আনা যায় কি না, সে বিষয়ে আলোচনা হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশ বিনিয়োগ করতে পারে কি না, পারলে কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সেই বিষয়েও বাংলাদেশ আলোচনায় আগ্রহী। আজ ঢাকায় দুই পক্ষের মধ্যে এসব আলোচনা হবে। কাল মঙ্গলবার ভারতের প্রতিমন্ত্রী চট্টগ্রামে যাবেন। সেখানে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এই পরামর্শক নিযুক্ত হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ধর্মেন্দ্র প্রধান। এ সময় প্রধানমন্ত্রী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে প্রতিবেশী দেশগুলোর আরও সহযোগিতা চান।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এ অঞ্চলের দারিদ্র্য নির্মূলে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ অঞ্চলের দারিদ্র্য দূরীকরণে আমাদের একযোগে লড়াই করতে হবে।’
ভারতের প্রতিমন্ত্রী বলেন, তাঁর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও গভীর ও গতিশীল করতে চাইছে। ঢাকা ও দিল্লির মধ্যে সহযোগিতার বিষয় হিসেবে জ্বালানি খাতকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, উত্তর-পূর্ব দিক থেকে দুই দেশের মধ্যে তেলের পাইপলাইন স্থাপনে ভারত প্রস্তুত রয়েছে। ভারতের সঙ্গে ভুটান ও শ্রীলঙ্কার এ ধরনের পাইপলাইন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।