দুই দৃষ্টি প্রতিবন্ধীর মেধার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোকলেছুর রহমান।
মোকলেছুর রহমান।

মোকাদ্দেস হোসাইন ও মোকলেছুর রহমান। দুজনই দৃষ্টি প্রতিবন্ধী। অদম্য মেধাবী এ দুজন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
গরিব পরিবারের সদস্য মোকাদ্দেস ও মোকলেছুর। প্রতিবন্ধী হওয়ায় তারা আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে অবস্থিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রের আবাসিক হলে থাকত। পড়াশোনা করেছে পাশের সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকে এবার মোট তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোকাদ্দাসের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রামে। আর হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ধওলাই গ্রামে মোকলেছুরের বাড়ি।
এ ব্যাপারে সমন্বিত শিক্ষা কেন্দ্রের প্রধান (রিসোর্স টিচার) মো. এরশাদ আলী বলেন, মোকাদ্দেস ও মোকলেছুর প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভালো ফল করায় আমরা খুবই আনন্দিত।
মোকাদ্দেস হোসাইনের বাবা আলমগীর হোসেন একটি বেসরকারি বিমা কোম্পানিতে চাকরি করেন। ছেলের ফলাফলের খবর শুনে তিনিও আনন্দিত। তিনি জানান, তাঁর পরিবারে ছয়জন সদস্য রয়েছে। তাঁর সামান্য আয়ে কোনো রকমে সংসার চলে। প্রতিবন্ধী হওয়ায় মোকাদ্দেসের পড়াশোনায় খরচও বেশি। তাই পরিবারের খরচ মিটিয়ে মোকাদ্দেসের পড়াশোনা চালিয়ে যাওয়া তাঁর জন্য বেশ কষ্টসাধ্য। এ জন্য ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত।

অন্যদিকে মোকলেছুরের বাবা নেই। তার মা মনোয়ারা বেগম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। মনোয়ারা বেগম গতকাল জানান তিনিও ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত।

মোকাদ্দেস হোসাইন
মোকাদ্দেস হোসাইন

গতকাল সোমবার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রে মোকলেছুর ও মোকাদ্দেসের সঙ্গে কথা হয়। মোকলেছুর রহমান জানায়, সে ইংরেজিতে অনার্স-মাস্টার্স করে ইংরেজির শিক্ষক হতে চায়। আর মোকাদ্দেস আইন বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে চিন্তিত দুজনই।
এ ব্যাপারে সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. তাইজুদ্দিন বলেন, মোকলেছুর ও মোকাদ্দেসের ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী খুবই খুশি হয়েছে। তিনি জানান, দুজনেরই আর্থিক সমস্যা রয়েছে। তাই ভালো কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ চালানো সম্ভব নয়। তাই তাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।