দুই দৃষ্টিপ্রতিবন্ধীকে 'নতুন জীবন' দিলেন ওসি
মোখলেছার রহমান (৩০)। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জের বাসিন্দা। স্ত্রী ও এক ছেলে থাকা অবস্থায় সাত বছর আগে টাইফয়েডে অন্ধ হয়ে যান তিনি। পরে তাঁর স্ত্রী অন্য একজনকে বিয়ে করে ছেলেকে নিয়ে তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকেই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
রশিদা বেগম (২৮)। নীলফামারীর কিশোরগঞ্জের ভেড়ভেড়ি গ্রামের বাসিন্দা। তিনি জন্মান্ধ। তাঁরও সংসার ছিল, ছিল এক ছেলে। বছর পাঁচেক আগে তাঁর স্বামীও অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর থেকে ট্রেনে ট্রেনে ভিক্ষা করা শুরু করেন রশিদা।
ভিক্ষা শেষে প্রায় রাতেই বিরামপুর রেলস্টেশনে থাকতেন রশিদা। ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত না হওয়ায় প্রায়ই জুটত না তিন বেলার খাবার। রাতে দায়িত্ব পালন করতে গিয়ে রশিদার বিষয়টি প্রায়ই অবলোকন করতেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান। একপর্যায়ে স্টেশনের একটি হোটেলে নিজ খরচে রশিদার রাতের খাবারের ব্যবস্থা করেন তিনি।
আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, কথাবার্তার একপর্যায়ে তিনি জানতে পারেন, এখনো সুখের সংসারের স্বপ্ন দেখেন রশিদা, করতে চান না ভিক্ষা। ওসি তাঁকে তাঁর পছন্দের কাউকে খুঁজতে বলেন, সেই সঙ্গে তিনি (ওসি) নিজেও রশিদার জন্য বর খুঁজতে শুরু করেন। মাস তিনেক আগে একদিন রশিদা রিকশায় করে মোখলেছারকে নিয়ে থানায় আসেন। থানায় দুজনে পরস্পরকে বিয়েতে সম্মতি দেন। এ সময় তিনি একসঙ্গে দুই দৃষ্টিপ্রতিবন্ধীর জন্য কিছু করার তাগিদ অনুভব করেন। তিনি সিদ্ধান্ত নেন, নিজ খরচে বিয়ের ব্যবস্থা করবেন ও তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিজেই ভরণপোষণ চালাবেন। তিনি তাঁদের থাকার জন্য বিরামপুর খাদ্যগুদামের সামনে মাসিক এক হাজার টাকায় একটি ঘর ভাড়া নেন। কেনেন সংসারের প্রয়োজনীয় আসবাব। তাঁরা দুজনই যেহেতু দৃষ্টিপ্রতিবন্ধী, তাই তাঁদের পক্ষে রান্না করা সম্ভব নয়। এ জন্য দুজনের তিন বেলার খাবারের ব্যবস্থাও করেন স্টেশনের পাশের একটি হোটেলে। অবশেষে গত বুধবার রাতে ওই দুজনের নিকটাত্মীয়, রেলস্টেশন এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে পৌরসভার সংশ্লিষ্ট কাজির মাধ্যমে তাঁদের বিয়ে হয়।
ওসি আমিরুজ্জামান আরও বলেন, তিনি ওই দুজনকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও স্থায়ীভাবে বসবাসের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদের সঙ্গে কথা বলেছেন।
রশিদা ও মোখলেছার গত শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘ওসি সাহেব হামার জীবনটাত আলো জ্বালাইছে। দুজনই খুব সুখী হইছি।’