দুই দেশের উষ্ণ সম্পর্কে পরিবর্তন চায় না ভারত
সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নেওয়ায় ভারতের নিরাপত্তা-জনিত উদ্বেগ অনেকটা দূর হয়েছে। গত সাড়ে চার বছর তারা এ কাজে সচেষ্ট থেকেছে। এই সময়কালে দুই নিকট প্রতিবেশীর দ্বিপক্ষীয় সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। এই অবস্থার পরিবর্তন হোক, তা ভারত চায় না।
সম্প্রতি দিল্লি সফরের সময় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে এমন অভিমত জানানো হয়েছে বলে ভারতের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন।
ড্যান মজীনা গত ২৩ অক্টোবর তিন দিনের সফরে দিল্লিতে যান। এ সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং ছাড়াও সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দিল্লির সূত্রগুলো প্রথম আলোকে জানায়, ভারতের কর্মকর্তারা মার্কিন কূটনীতিককে বলেছেন, উপমহাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য বাংলাদেশ-ভারতের হূদ্যতাপূর্ণ এ সম্পর্ক অব্যাহত থাকা জরুরি। কারণ, এই সময়কালে সন্ত্রাস ও মৌলবাদ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট সফল হয়েছে বলে মনে করে ভারত।
ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে। তাই এক দেশ অন্য দেশকে বুঝতে ও বোঝাতে চাইছে। এরই অংশ হিসেবে ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা হয়েছে। এ ছাড়া ঢাকায়ও এই দুই দেশের কূটনীতিকেরা বিভিন্ন সময় কথা বলেছেন। মজীনার দিল্লি সফর এ প্রক্রিয়ারই অংশ। দিল্লি যাওয়ার আগে গত ২২ অক্টোবর সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরনের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন মজীনা। দিল্লি থেকে ফেরার পর গত ২৮ অক্টোবর মজীনার সঙ্গে তাঁর বাসায় দেখা করতে যান পঙ্কজ সরন।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাঁর সফরের সময় উপমহাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের মনোভাব জানার চেষ্টা করেছেন। ভারত উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশ। বিভিন্ন বিষয়ে তার নিজস্ব চিন্তাভাবনা আছে। এটা জানা-বোঝার চেষ্টা অস্বাভাবিক কিছু নয়।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ভারতের মনোভাব কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আকবর বলেন, এটা প্রতিবেশী দেশের নিজস্ব ও ভেতরকার বিষয়। এ নিয়ে তাঁর মন্তব্যের কিছু নেই। অবশ্য তিনি এ-ও বলেন, তবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ক্রমশই স্পর্শকাতর হয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট সতর্ক রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড্যান মজীনার সঙ্গে ভারতীয় কূটনীতিকের একাধিক বৈঠক হয়েছে। এসব আলোচনার প্রতিটিতেই ভারত বাংলাদেশ সম্পর্কে তিনটি বিষয় স্পষ্ট করেছে। প্রথমত, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত। এ নির্বাচন হতে হবে সংবিধান অনুযায়ী। এ ক্ষেত্রে ভারতের পছন্দ-অপছন্দের কোনো ব্যাপার নেই। একটি গণতান্ত্রিক দেশের নির্বাচনে সবার অংশগ্রহণই কাম্য।
দ্বিতীয়ত, ভারত সব সময়ই যেকোনো রাষ্ট্রের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে। কোন দেশের জনগণ কাদের নির্বাচিত করবে, সেটা পুরোপুরি সে দেশের জনগণের ওপর নির্ভর করে। বাংলাদেশের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
তৃতীয়ত, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে উন্নতি গত কয়েক বছরে হয়েছে, ভারত চায় তা অব্যাহত থাকুক। ভারত মনে করে, এই উপমহাদেশের সার্বিক উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের হূদ্যতামূলক সম্পর্ক অব্যাহত থাকা জরুরি।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকগুলোতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত কখনো চাইবে না, বাংলাদেশের মাটি ভারতবিরোধী কাজকর্মের জন্য ব্যবহূত হোক। বাংলাদেশে সন্ত্রাসী ও মৌলবাদী শক্তি মাথাচাড়া দিক, এটি ভারত চায় না। গত সাড়ে চার বছরে বাংলাদেশ সরকার ভারতের উদ্বেগের দিকটায় যথেষ্ট নজর দিয়েছে। সন্ত্রাস বন্ধ করেছে। মৌলবাদীদের মোকাবিলায় সফল হয়েছে। এই অবস্থার পরিবর্তন হোক, এটা ভারত অবশ্যই চায় না।
যুক্তরাষ্ট্রে গেছেন মজীনা: ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র গেছেন। এ সময় তিনি ক্যালিফোর্নিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এ সফরের সময় তিনি ওয়াশিংটনে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। এরপর তিনি মিশিগানে বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন নাগরিক, প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
এদিকে যুক্তরাষ্ট্র যাওয়ার আগের দিন অর্থাৎ গত বুধবার দুপুরে ড্যান মজীনা পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। প্রায় এক ঘন্টার এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন। এরপর সন্ধ্যায় মজীনা প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বৈঠক করেন। ড্যান মজীনার বাসায় অনুষ্ঠিত ওই দুই বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে দেশের চলমান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।