দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের আরও প্রসার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্কের আরও প্রসার প্রয়োজন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি কেবল সরকারের ওপর যাতে নির্ভরশীল হয়ে না পড়ে। দুই দেশের জনগণের মধ্যে এই সম্পর্কের বিস্তৃতি ঘটানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম চেম্বার এ বৈঠকের আয়োজন করে। এতে চট্টগ্রামের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় হর্ষবর্ধন শ্রিংলা দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও বাংলাদেশে ভারতের বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা, জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে কথা বলেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়ার সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীনকাল থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য চট্টগ্রাম বিখ্যাত। সড়ক, রেল ও নৌপথে দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে পরিণত হতে পারে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে ভারতের হাইকমিশনার বলেন, রিলায়েন্স, আদানি গ্রুপসহ ভারতের কোম্পানিগুলো বাংলাদেশে ১১ থেকে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে। এই বিনিয়োগের বড় অংশই ব্যয় হবে অবকাঠামোগত উন্নয়নে। তারা বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী হিসেবেই দেখে।
জ্বালানি খাতে সহযোগিতার বিষয় উল্লেখ করে হাইকমিশনার বলেন, বহরামপুর থেকে ভেড়ামাড়া দিয়ে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হচ্ছে সেটাকেও এক হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। এ ছাড়া ত্রিপুরা থেকে কুমিল্লায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু হয়েছে, সেটিকে ৫০০ মেগাওয়াটে শিগগিরই উন্নীত করা হবে।
বৈঠকে সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, কাস্টম কমিশনার হোসেন আহমেদ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয় পক্ষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কাঠামোর মধ্যে সহযোগিতা বাড়লে ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও হ্রাস করা সম্ভব।
সভায় এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহ্উদ্দীন কাসেম খান, জেএফের (বাংলাদেশ) প্রধান নির্বাহী কর্মকর্তা এ কিউ আই চৌধুরী, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, পেডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান প্রমুখ উপস্থিত ছিলেন।