দুই দেশের বন্ধ সীমান্ত সড়ক খুলে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মেঘালয় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের একটি প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ​ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ভারতের মেঘালয় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের একটি প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ​ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা সীমান্ত সড়কগুলো খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর জন্যই এ পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতের মেঘালয় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ থাকা সীমান্ত সড়কগুলো পুনরায় খুলে দিতে চাই। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।’
স্কুল অব বিজনেসের ডিন অলকা শর্মা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের জানান।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, উভয় দেশের বিভিন্ন পদক্ষেপের কারণে ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে তিনি দুই দেশের মধ্যকার সীমান্ত হাটের কথা উল্লেখ করেন।
ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ পদক্ষেপ দুই দেশের মধ্যে সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।
ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বিশেষ বিলটি অনুমোদনের সময় ভারতীয় পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার সব সদস্যকে প্রথমবারের মতো একমত ও ঐক্যবদ্ধ হতে দেখা গেছে।
এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।