দুই দেশের বিরোধ নিষ্পত্তি হবে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দুই দেশের বিরোধ শেষ পর্যন্ত নিষ্পত্তি হবে বলে মনে করেন কি? গতকাল শনিবার মোদি যখন ঢাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন, তখন পাঠকদের কাছে এই প্রশ্ন রেখেছিল ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে রাত আটটা পর্যন্ত দেখা যায়, প্রায় ৮৪ ভাগ পাঠক ইতিবাচক সাড়া দিয়েছেন। ‘না’ বলেছেন মাত্র ১১ ভাগ পাঠক।
ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুসহ প্রথম সারির সংবাদমাধ্যমগুলো পরিদর্শন, চুক্তি সই, বৈঠক ও সাক্ষাৎসহ মোদির সারা দিনের কর্মকাণ্ড প্রচার করে। বেশির ভাগ পত্রপত্রিকাই বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে।
আনন্দবাজার পত্রিকা লিখেছে, দীর্ঘ ৪১ বছরের অপেক্ষার পর মে মাসে সংসদের (ভারতের) দুই কক্ষেই সর্বসম্মতিক্রমে পাস হয় বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিটি। ছিটমহল থাকায় যার প্রত্যক্ষ প্রভাবের সঙ্গে পশ্চিমবঙ্গ জড়িত। এ দিনের চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবে বলে আশাবাদী দুই পক্ষই।
দ্য হিন্দু পত্রিকা মোদির প্রতিটি পরিদর্শন, বৈঠক বা সাক্ষাতের ঘটনা তাৎক্ষণিক জানায়। এ ছাড়া সোনারগাঁও হোটেলে মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে ‘অভূতপূর্ব’ ঘটনা হিসেবে উল্লেখ করে পত্রিকাটি। সেখান থেকে মোদির গাড়িতে চড়ে দুজন একসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
ভারতীয় সময় সকাল আটটার দিকে ঢাকার উদ্দেশে মোদির নয়াদিল্লি ত্যাগের পর থেকে গতকাল রাতে মোদির সর্বশেষ কর্মসূচি পর্যন্ত তাঁর প্রতিটি কর্মকাণ্ড সময় ধরে ধরে জানায় টাইমস অব ইন্ডিয়া। সঙ্গে দুই প্রধানমন্ত্রীর ছবি ও মন্তব্য, টুইটার ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য মূল্যায়ন তুলে ধরা হয়। এনডিটিভি লিখেছে, রাষ্ট্রাচার ভেঙে বিমানবন্দরে মোদিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি এবং বিশেষ করে ভারতবিদ্বেষী হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী মোদির সফরকে স্বাগত জানানোর ঘটনাকে ‘অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য’ হিসেবে অভিহিত করে ইন্ডিয়ান এক্সপ্রেস।
তবে ভারতের কংগ্রেস দলের দুই নেতার বক্তব্য উদ্ধৃত করে ডিএনএ ইন্ডিয়ার এক খবরে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার যে পদক্ষেপ মোদি নিচ্ছেন, তার পুরোটাই কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের মস্তিষ্কপ্রসূত।
বিশ্ব গণমাধ্যমে মোদির সফর: বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও এপিসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমেও মোদির বাংলাদেশ সফরের খবর ফলাও করে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের বিষয়টি প্রাধান্য পেয়েছে এসব খবরে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা শিরোনাম করেছে, ‘দীর্ঘ বিলম্বিত ভূমিবিনিময় চুক্তি চূড়ান্ত করল বাংলাদেশ ও ভারত’। একই খবর, একই শিরোনামে করেছে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ।
বিবিসির খবরের শিরোনাম ছিল, ‘বাংলাদেশ-ভারত ভূখণ্ড বিনিময়ের ঐতিহাসিক চুক্তি’। এতে বলা হয়, ১৫০টির বেশি ছিটমহল বিনিময়ের মাধ্যমে সীমান্তরেখা সরলীকরণ করতে ঐতিহাসিক চুক্তি করল বাংলাদেশ ও ভারত।