প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ বাংলাদেশে ভারতীয় রপ্তানি পণ্যে ভর্তুকি দেওয়া নয়। উভয় দেশের ভোক্তাদের সুবিধার্থেই এই ট্রানজিটের সুবিধা প্রবর্তন করা উচিত।বাংলাদেশ ও ভারতের কয়েকটি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীতে আয়োজিত ‘দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে সহযোগিতা উন্নয়ন, শান্তি এবং নিরাপত্তা বিধান: ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সংহতকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী সংলাপের শেষ দিনে মসিউর রহমান এ কথা বলেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আয়োজিত এ সংলাপে বক্তারা দুই দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এখন দেখতে হবে, এই সম্পর্ক থেকে দুই দেশের মানুষ কতটা উপকৃত হলো। বাংলাদেশ এই মৌসুমে পদ্মায় যে পানি পেয়েছে, তা চুক্তির অতিরিক্ত বলে জানতে পেরেছি।’উপদেষ্টা অভিমত দেন, বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে যে শুল্কবাধা রয়েছে, সেগুলো দূর হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের কার্যকর পদক্ষেপ দুই দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও রাষ্ট্রদূত সি এম শফি সামি বলেন, দুই দেশের সরকারের মধ্যে সুসম্পর্কের দরুন কিছু বিষয়ে একমত হওয়া গেছে। এখন সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো এসব বাস্তবায়নে সরকারকে বোঝাতে পারে।সাংসদ সাবের হোসেন চৌধুরী রাজনীতি বা প্রধানমন্ত্রীদের বদলে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের ইস্যুই সংলাপের প্রধান বিষয় হওয়াকে এর সবচেয়ে ভালো দিক বলে উল্লেখ করেন। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশ চুক্তি সম্পাদনের দ্বারপ্রান্তে—এ কথা উল্লেখ করে পানিসম্পদসচিব শেখ ওয়াহিদুজ্জামান বলেন, এখন অন্যান্য অভিন্ন নদী নিয়ে আলোচনা হওয়া দরকার। ভারতের প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর রিসার্চ ইন রুরাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের (ক্রিড) নির্বাহী সহসভাপতি রাশপাল মালহোত্রা বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।ভারতের ক্রিড এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনভায়রনমেন্টাল গভর্নেন্স এ সংলাপের আয়োজন করে। গবেষক, সাবেক রাষ্ট্রদূত ও সরকারি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সংলাপের সারসংক্ষেপ তুলে ধরেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। ২০১০ সালের জানুয়ারিতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যেসব বিষয়ে মতৈক্য হয়, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংলাপটির উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, সংলাপে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করা হয়। ক্ষেত্রগুলো হলো, জল ও বিদ্যুৎশক্তিসহ জ্বালানি খাত, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, অভিন্ন জলসম্পদের উন্নয়ন ও সুষম বণ্টন, সংযোগ সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা মোকাবিলা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ভারতের সাবেক রাষ্ট্রদূত সালমান হায়দার, ক্রিডের সুচা সিং গিল, অধ্যাপক পি এস সাহাই প্রমুখ। সঞ্চালনা করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল।