দুই দেশের মানুষের মিলনমেলা
ঐতিহ্যবাহী বারুণী স্মরণোৎসবকে ঘিরে গতকাল মঙ্গলবার বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় ও ভারতের সাবরুম সীমান্তে ফেনী নদী পরিণত হয়েছিল দুই দেশের মানুষের মিলনমেলায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় দেশের কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটেছিল।
ঐতিহ্যবাহী বারুণী মেলাকে ঘিরে চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূজা-অর্চনা দিতে প্রতিবছর ফেনী নদীতে মিলিত হন দুই দেশের কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার পাশাপাশি নিজেদের পুণ্যলাভ ও সব ধরনের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির আশায় ফেনী নদীতে বারুণী স্নানে ছুটে আসেন তাঁরা।
বারুণী মেলা সম্পর্কে রামগড় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মংশাপ্রু কার্বারি বলেন, বারুণী মেলায় শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ নয়, ত্রিপুরা, মারমা, চাকমা, মুসলিম সব সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। বারুণী স্নান একটি ধর্মীয় উৎসব হলেও দুই দেশের বিভিন্ন জাতি, সম্প্রদায় ও ধর্মের মানুষের সমাগমে এটি সর্বজনীন আনন্দ মেলার ঐতিহ্যে পরিণত হয়েছে।
ভারতের সাবরুম থেকে আসা ব্যবসায়ী মনিলাল দেবনাথ বলেন, প্রতিবছর এখানে হিন্দু ধর্মের রীতি অনুসারে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে গঙ্গায় স্নান করে তাদের উদ্দেশে জল দিতে হয়। এতে তাদের আত্মা শান্তি পায়।
ত্রিপুরা রাজ্যের এক স্কুলশিক্ষিকা রনতী ত্রিপুরা পূজা-অর্চনা দানকালে বলেন, নিজেদের শান্তি কামনার পাশাপাশি সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি পেতে প্রতিবছর বারুণী মেলায় জলে স্নান করতে আসেন।
কুমিল্লা থেকে আসা সমীর চন্দ্র বলেন, ‘সাবরুম যাচ্ছি দাদা-দাদির সঙ্গে দেখা করতে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার
পর আমি ভারত ছেড়ে এ দেশে চলে আসি বাবা-মায়ের সঙ্গে। কিন্তু দাদা, দাদি ও কাকারা ভারতে থেকে যান। প্রতিবছরই বারুণী মেলায় তাঁদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে এখানে চলে আসি।’