দুই দেশের মিলিত সংগ্রামে টিপাইমুখ বাঁধ রুখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশ ও ভারতের একাংশ সমান ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য প্রয়োজন ভারত ও বাংলাদেশের মানুষের সমিঞ্চলিত প্রতিবাদ। দুই দেশের জনগণের মিলিত সংগ্রামে টিপাইমুখ বাঁধ রুখতে হবে। গতকাল রোববার সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সিলেট বিভাগীয় মহাসমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। মহাসমাবেশে ভারতের রাজনৈতিক দলের নেতারাও সংহতি প্রকাশ করে একাত্ম হন। মাসব্যাপী গণসংযোগ শেষে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশে ভারতীয় লোকসভার সদস্য তরুণ মণ্ডল ও আসাম রাজ্যের সাবেক বিধায়ক জয়নাল আবেদন সংহতি প্রকাশ করতে একাত্ম হন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাসদ কেন্দ্রীয় কমটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। জেলা বাসদের আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে মহাসমাবেশে ভারতীয় দুই রাজনৈতিক নেতা সংহতি জানিয়ে বক্তব্য দেন। বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, মৌলভীবাজার জেলা পার্টির সদস্য বদরুল হোসেন, হবিগঞ্জ জেলা পার্টির সমন্বয়ক জুনায়েদ আহমদ, সুনামগঞ্জের সংগঠক মিজানুর রহমান বক্তব্য দেন। ভারতীয় লোকসভার সদস্য তরুণ মণ্ডল বলেন, টিপাইমুখে ভারত সরকার বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। যা বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দেবে। দুই দেশের জনগণের মধ্যকার ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে চিড় ধরাবে। এগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের জনগণের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে।