
বাংলাদেশের ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, কলকাতায় অনুষ্ঠিত বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের পথ প্রশস্ত করেছে। দুই দেশের শিল্পপতিরা পরস্পরের কাছাকাছি এসেছেন।
গতকাল শনিবার কলকাতায় প্রথম আলোর সঙ্গে একান্ত আলাপে মাতলুব আহমাদ বলেন, কলকাতার এই বাণিজ্য সম্মেলন উভয় দেশের শিল্পপতিদের কাছে নতুন দরজা খুলে দিয়েছে। তিনি বলেন, অর্থনীতির বান্ধব হলেন শিল্পপতিরা। সেই বান্ধবরা এবার খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশের বস্ত্রশিল্পকে আরও সম্প্রসারিত করা। এখন বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, চীনের পর। আমরা চাই প্রথম স্থানে পৌঁছাতে।’
মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে শিল্পকারখানা গড়ার উদ্যোগ নিয়েছেন। এখানে গড়া হবে বিগ ওয়্যার হাউসসহ নানা শিল্পপ্রতিষ্ঠান। এ ব্যাপারে বাংলাদেশের শিল্পপতিদের কথা হয়েছে ভারতের শ্রীরাম প্রোপার্টিজ, শ্রী সিমেন্ট লিমিটেড, সোনোডাউন সাউন্ড সিস্টেমসহ আরও কয়েকটি সংস্থার সঙ্গে। শুধু তাই নয়, ভারতের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে এলএনজি টার্মিনাল তৈরি করে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস রপ্তানির উদ্যোগ নিয়েছেন।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ভারতের টাটা, ডাবর, ইমামী, হিরোর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের পণ্য বিক্রিও করছে। অদূর ভবিষ্যতে ভারতের আরও বহু শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশে তাদের শিল্পের সম্প্রসারণ করবে।
কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন গতকাল শেষ হয়েছে। এই সম্মেলনে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারতের বিভিন্ন শিল্পপতির কাছ থেকে পশ্চিমবঙ্গে ২ লাখ ৫০ হাজার ১০৪ কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই সম্মেলনে পৃথিবীর ২৫টি দেশের দুই হাজার শিল্পপতি যোগ দেন। বাংলাদেশ থেকে এসেছে ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল। এর নেতৃত্ব দিয়েছেন মাতলুব আহমাদ।