সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ ও ভারতের সমস্যা অভিন্ন—জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধর্মের নামে রাজনীতি। দুই দেশকে এসব সমস্যা মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ৪১তম আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস পালন উপলক্ষেÿ গতকাল এসবিআই মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের কবিতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘দুই দেশ মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বইমেলার মধ্য দিয়ে এবং সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে এই অশুভ শক্তিকে পরাস্ত করতে হবে। আজ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ। একে রুখতে হবে আমাদের সম্মিলিতভাবে।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশের কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
কলকাতা বইমেলায় বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা যোগ দেয়। বাংলাদেশ প্যাভিলিয়নকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।