বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশ্বাস দিয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান সাইদা ওয়ার্সি। গত সোমবার সকালে লন্ডন সফররত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।সাইদা ওয়ার্সি রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে তাঁর দপ্তরে স্বাগত জানান। বৈঠকে দুই দেশের বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন সাইদা ওয়ার্সি।এর আগে রাষ্ট্রপতি লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল ছেড়ে তিনি হিলটন পার্ক লেন হোটেলে উঠেছেন। ওই দিন বিকেলে কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন ও ইউরোপিয়ান পার্লামেন্টের চার্লস ট্যানক রাষ্ট্রপতির সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন।রাষ্ট্রপতি আগামী শনিবার ক্যানসিংটন টাউন হলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। আগামী সোমবার তিনি দেশে ফিরবেন।