দুই দেশের সম্পর্ক পরিবর্তন হবে না: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিজেপি ক্ষমতায় আসায় ভারত-বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন হবে না। তাঁর মতে, ভারতে সরকার পরিবর্তন হয়। কিন্তু বিদেশনীতি পরিবর্তন হয় না। ভারতের সঙ্গে সুসম্পর্ক আছে সেটা বজায় থাকবে।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডি-৩২-এ স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তোফায়েল এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশে আসার পর স্বৈরশাসকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। তাঁর দৃঢ় নেতৃত্বেই বাংলাদেশের এমন অগ্রগতি হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা দেশে আসার পর সামরিক শাসনের বিরুদ্ধে, জঙ্গি দমন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ও যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান, নারীর ক্ষমতায়ন ও কৃষকের পক্ষে অবস্থানের মতো ছয়টি গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।