দুই দেশের সম্পর্কের কেন্দ্রে নিরাপত্তা সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা সহযোগিতা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর বর্ধমানের বোমা বিস্ফোরণের মতো ঘটনা সহযোগিতার এ বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে।
গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপ শীর্ষক দুই দিনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও ভারতের গবেষণাপ্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে আলোচনার আয়োজন করে। উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন বিইআই প্রেসিডেন্ট ফারুক সোবহান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর থেকেই ঢাকা ও দিল্লি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে আনুষ্ঠানিক কাঠামোতে রূপ দিতে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নিয়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ দূর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ চেষ্টা বাংলাদেশের ব্যাপারে ভারতের জনগণ ও সরকারের আস্থা জোরদার করেছে।
মাহমুদ আলী বলেন, ‘দুই দেশের নেতাদের পরিবর্তিত এই মানসিকতা সম্পর্ককে একটি নতুন মাত্রা ও পর্যায়ে নিয়ে গেছে। আমাদের দিক থেকে এ ধরনের মানসিকতা আগামী দিনে অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘জীবনের সব ক্ষেত্রে একের ওপর নির্ভরতা বাড়তে থাকায় আজকের দিনে নিরাপত্তা বিশ্বায়নের সঙ্গে সম্পর্কিত। তাই নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের প্রতিবেশীর সঙ্গে নীতির মূল বিষয় হয়ে উঠেছে।’
ওআরএফের জ্যেষ্ঠ ফেলো সি রাজা মোহন বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রায়ই ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে বৈরিতা দেখা যায়। সালিসি আদালতে মীমাংসার মাধ্যমে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ দৃষ্টান্ত তৈরি করেছে। সম্প্রতি সার্ক শীর্ষ সম্মেলনে জ্বালানি সহযোগিতা চুক্তিটি সই হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ সহযোগিতার কারণে। সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সহযোগিতা আঞ্চলিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।
সি রাজা মোহন বলেন, বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে সহযোগিতা যথেষ্ট বেড়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্ব পরিমণ্ডলে দক্ষিণ এশিয়ার গুরুত্ব বাড়ছে। আঞ্চলিক সহযোগিতার সুফলকে অর্থবহ করতে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখতে হবে।