দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার জন্য দুই দেশের পররাষ্ট্রসচিবেরা চলতি জানুয়ারি মাসে নয়াদিল্লিতে আলোচনায় বসছেন। ওই আলোচনায় যোগ দিতে এ মাসের শেষ দিকে ভারত যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্র গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেছে, জানুয়ারির শেষ সপ্তাহে শহীদুল হকের নয়াদিল্লি সফরের পরিকল্পনা রয়েছে।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্করের আমন্ত্রণে এ মাসে আমার দিল্লি যাওয়ার কথা রয়েছে। তবে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।’ তিনি বলেন, এর আগে ৩ জানুয়ারিতে এ সফর হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত হওয়ার পর এবার জানুয়ারির শেষ সপ্তাহে সফর আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। ওই সময়ে সফর আয়োজনের প্রস্তুতি চলছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ২৮ জানুয়ারি সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই সভার কারণে পররাষ্ট্রসচিব ব্যস্ত থাকবেন বলে নয়াদিল্লি সফর এর আগে করার কথা ভাবা হচ্ছে।
নয়াদিল্লি সফরের সময় জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা রয়েছে শহীদুল হকের।
দুই দেশের কূটনীতিকেরা বলছেন, জয়শঙ্কর গত বছর দুবার ঢাকা সফরে এলেও পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর শহীদুল হক এখনো দিল্লি যাননি। এবার বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সফরটি এমন সময়ে হতে যাচ্ছে, যার আগে দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠকের পর প্রায় সাত মাস পেরিয়ে গেছে। সেদিক থেকে এবার দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবেরা ‘নয়া প্রজন্ম নয়া দিশা’ শীর্ষক যৌথ ঘোষণার বাস্তবায়ন নিয়ে কথা বলার সুযোগ পাবেন।
ঢাকার কূটনীতিকদের মতে, শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকের পর নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন মোটামুটি সন্তোষজনকভাবেই এগোচ্ছে। ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার কাজ সময়সীমা অনুযায়ী এগিয়ে চলছে। ভারতের দেওয়া দ্বিতীয় ঋণ চুক্তির প্রকল্পগুলো চূড়ান্ত হওয়ার পর তা এখন বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে যাচ্ছে। এ ছাড়া ট্রানজিট, বিদ্যুৎ, বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও কাজ চলছে।