দুই দেশের স্বার্থ রক্ষা করেই তিস্তা চুক্তি: গওহর রিজভী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের স্বার্থ রক্ষা করেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে।গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় গওহর রিজভী এ মন্তব্য করেন। গওহর রিজভী বলেন, ‘সন্ত্রাসবাদ, মানব পাচার, নদী সমস্যার মতো অসংখ্য সমস্যা আছে, যেগুলো এককভাবে কোনো দেশ সমাধান করতে পারে না। কারণ, দেশগুলো পরস্পরের ওপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দীর্ঘদিন ধরে অচলাবস্থা ছিল। আমরা সম্পর্ক না করে শত্রুতা করেছি। পরস্পরকে সন্দেহ করেছি। কিন্তু গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, অতীত নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি সম্পর্ক গড়তে চান।’গওহর রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভারতের সঙ্গে আস্থা ও বিশ্বাসের কূটনীতি দেখিয়েছেন। এই যুগে কেবল ক্ষমতা দেখিয়ে কোনো সম্পর্ক হয় না। আর কোনো সমস্যার সমাধান এক দিনেই হয় না। আমরা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা বলেছি, আসেন একসঙ্গে মিলে আমরা সব সমস্যার সমাধান করি।’তিস্তা চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তিস্তা খুবই জটিল একটি সমস্যা। এই নদীর ৭৫ ভাগই ভারতে। ২৫ ভাগ বাংলাদেশে। এখানে নদীর ভাগাভাগি দিয়ে চুক্তি করতে গেলে আমরা ক্ষতিতে পড়তাম। শেখ হাসিনা তাই বলেছেন, দুই দেশের মানুষের জন্য চুক্তি করতে হবে। সে অনুযায়ী চুক্তি হবে এবং এর ফলে বাংলাদেশ ও ভারত উভয় দেশই লাভবান হবে।’ শিক্ষকদের উদ্দেশে গওহর রিজভী বলেন, ‘আমি সারা জীবন শিক্ষকতা করেছি। তাই আপনাদের কাছে এসে আমার ভালো লাগছে। আপনাদের জন্য আমার দুটো উপদেশ। প্রথমত, একজন শিক্ষকের গৌরব তখনই বাড়ে, যখন তাঁর ছাত্ররা ভালো ফল করে। তাই আপনারা কিছু ভালো শিক্ষার্থী তৈরি করুন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, আপনারা শিক্ষকেরা পড়াশোনা ও গবেষণা করুন।’গওহর রিজভী বলেন, ‘এখন বিশ্বায়নের যুগ। আমি বাংলাদেশের একটি প্রত্যন্ত জেলা থেকে উঠে ক্যামব্রিজ-অক্সফোর্ড-হাভার্ডে গিয়ে শিক্ষকতা করেছি। আমি এটি পেরেছিলাম, কারণ আমার শিক্ষকেরা আমাকে তৈরি করতে পেরেছিলেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও একইভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকবে এমন শিক্ষার্থী তৈরি করুন।’ অনুষ্ঠানের সভাপতি নায়েমের মহাপরিচালক শামসুর রহমান বলেন, ‘আমাদের সমাজ আজ দুর্নীতি ও দুরবস্থায় জরাজীর্ণ। শিক্ষকেরাই পারেন যোগ্য ছাত্র তৈরি করে এই অবস্থার উত্তরণ ঘটাতে। একটা নতুন সমাজের সূচনা শিক্ষকেরাই করতে পারেন।’ ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ কিংবা বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে পরিণত করতে শিক্ষকদের ভূমিকা রাখার কথাও বলেন তিনি।