ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪৪৪টি ইউপিতে জয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি জিতেছে ৬১টিতে। গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চ ৬৩৯টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশন সচিবালয় থেকে গতকাল ৬২৮টি ইউপির চূড়ান্ত ফল পাওয়া গেছে। অনিয়ম ও সহিংসতার কারণে ১১টি ইউপির নির্বাচন স্থগিত রয়েছে। আওয়ামী লীগের জয়ী হওয়া ৪৪৪টি ইউপির মধ্যে ৩৩টিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিত ৭১২টি ইউপির নির্বাচনে আওয়ামী লীগ ৫৪০টিতে এবং বিএনপি ৪৭টিতে জয় পায়। দুই ধাপ মিলিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ৯৮৪টি ইউপিতে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি জিতেছে ১০৮টিতে। আওয়ামী লীগের ৫৪০টির মধ্যে ৫৪টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
প্রাণহানি, সংঘাত ও কেন্দ্র দখলের এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে নির্বাচন বিশ্লেষক ও প্রধান বিরোধী দল বিএনপি। বিশ্লেষকদের মতে, নির্বাচনে বিএনপি অস্বাভাবিক রকম কম ভোট পেয়েছে, যা বিশ্বাসযোগ্য নয়। বিএনপিও নির্বাচনের ফল বাতিলের দাবি জানিয়ে বলেছে, এভাবে চললে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
গতকাল কমিশন সচিবালয় থেকে আরও জানা যায়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১১৬টি ইউপিতে জয় পেয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি ৩, জাসদ ২ ও জাতীয় পার্টি-জেপি ২ ইউপিতে জয় পেয়েছে। ভোট পড়েছে ৭৬ দশমিক ২১ শতাংশ।