দুই নবজাতকের মৃত্যু, ক্লিনিক সিলগালা
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগে গতকাল ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়াত-উদ-দৌল্লা খান ক্লিনিকটি সিলগালা করেন। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। শনিবার সন্ধ্যায় ক্লিনিকের মালিক এমদাদুল হক বয়াতি নিজেই ডাক্তার সেজে অস্ত্রোপচার করার কারণে রাজৈর উপজেলার নাগরদী গ্রামের শংকর বিশ্বাসের স্ত্রী কণিকা রানী বিশ্বাসের নবজাতক মারা যায়। আয়া ভুল ইনজেকশন প্রয়োগ করায় রাত তিনটার দিকে পশ্চিম রাজৈর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী শিউলী বেগমের নবজাতক মারা যায়। রোগীর স্বজনদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে অপারেশন করার মতো উপযুক্ত ব্যবস্থা ও দক্ষ চিকিৎসক নেই। এ কারণেই গত এক বছরে এই ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় এ পর্যন্ত আট শিশু ও প্রসূতির মৃত্যু হয়েছে।