দুই নারী অ্যাসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রতিপক্ষের লোকজন দুই নারীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ৷
আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার অনন্তপুর কদমতলা মাঠেরপাড় গ্রামের ইউনুচ আলী, ইয়াকুব আলী ও আবদুল লতিফ৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ফুলবাড়ীর অনন্তপুর কদমতলা মাঠেরপাড় এলাকার মোজাম্মেল হক ও তাঁর ভাই আবদুল মালেকের সঙ্গে জমির সীমানা নিয়ে প্রতিবেশী ইউনুচ আলী, ইয়াকুব আলী ও আবদুল লতিফের বিরোধ চলছিল৷ গতকাল শনিবার দুপুরে দুই ভাই বাড়িতে ছিলেন না৷ এ সময় প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমির ওপর বেড়া দিতে গেলে মোজাম্মেলের স্ত্রী আসমা (৫০) ও তাঁর ভাতিজি আনজুমা খাতুন (৩০) বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দুজনের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। পরে তাঁদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইরশাদুল হক বলেন, দুজনের শরীরেই অ্যাসিড ছোড়া হয়েছে৷ তবে ক্ষতির পরিমাণ কম৷
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।