বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বিরকে হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি হবে ৭ ডিসেম্বর। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন শুনানির এই তারিখ ধার্য করেছেন।এই হত্যা মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীরসহ তিন আসামি পলাতক আছেন। সানবীরকে গ্রেপ্তারের জন্য এর আগে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়। গতকাল এই মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা দুই আসামি সামসুদ্দিন আহমেদ ও খায়রুল হাসান ওরফে উজ্জল আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন।গতকাল রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) এস এম রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ মামলার বাদী ও নিহত সাব্বিরের ভগ্নিপতি এস এম আসিফ গত ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে ৩০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু সাব্বির খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী সাদিয়া আক্তার ওরফে রাত্রি ও পাপিয়া গাইনকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। জামিন-অযোগ্য পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাঁদের খুঁজে পায়নি।অবশ্য তদন্তকালে রাত্রি ও পাপিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের বিস্তারিত বিবরণ দেন। এরপর এই দুই নারীর হদিস মিলছে না।মামলার অভিযোগপত্রে বলা হয়, সানবীর ও খায়রুল হাসান পরিকল্পিতভাবে ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বিরকে গুলশানের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন পাপিয়া গাইন ও রাত্রি নামের দুই যৌনকর্মী। খুনের আলামত নষ্ট ও ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার কাজে যুক্ত ছিলেন আসামি সামসুদ্দিন, হুমায়ুন কবির ও নিরাপত্তাকর্মী নূরে আলম।প্রধান আসামি সানবীর ২০০৬ সালের ৫ জুলাই যুক্তরাজ্যে পালিয়ে যান। এতে তাঁকে সহায়তা করেন ত ৎ কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু ৎ ফুজ্জামান বাবর। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিমান্ডে বাবর বলেছেন, বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। তিনি পরে ২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতও দেন। ঘুষের লেনদেনের অভিযোগে বাবর, বসুন্ধরার মালিক শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে ২০০৮ সালের ৮ মে রমনা থানায় মামলা করে সিআইডি।