দুই নারীকে ফিরিয়ে দিলেন পাচারকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার মগরা গ্রাম থেকে ভারতে পাচার হওয়া দুই নারী গত শুক্রবার দিবাগত রাতে নিজ গ্রামে এসে পৌঁছেছেন।বাগেরহাট মডেল থানার পুলিশ দুপুরে তাঁদের হেফাজতে নিয়েছে। তবে দালাল চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভালো কাজের প্রলোভন দিয়ে মগরা গ্রামের রোকন শেখসহ একটি দালালচক্র গত ২৩ জুন ও ১২ জুলাই অবৈধভাবে ওই দুই নারীকে ভারতের নয়াদিল্লিতে নিয়ে ৫০ হাজার টাকায় সেখানকার নারী ব্যবসায়ীদের হাতে তুলে দেন। এ নিয়ে গত ২৯ জুলাই প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান প্রথম আলোকে বলেন, দুই নারীর মধ্যে একজনের মায়ের করা মামলার পর পুলিশের চাপের মুখে দালালচক্র তাঁদের দিল্লি থেকে ফিরিয়ে আনেন। শুক্রবার সন্ধ্যায় দুই নারীকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে খুলনাগামী বাসে তুলে দেন। পরে মুঠোফোনে খবর পেয়ে তাঁদের আত্মীয়রা খুলনা থেকে রাত দুইটায় ওই দুই নারীকে গ্রামে নিয়ে আসে। পুলিশ তাঁদের হেফাজতে নিয়েছে। আগামীকাল (আজ রোববার) তাঁদের আদালতে পাঠানো হবে।বাগেরহাট মডেল থানায় দুই নারীর একজন (২৫) প্রথম আলোকে বলেন, গত ২৩ জুন রোকন তাঁকে প্রথমে খুলনায় নিয়ে যান। সেখান থেকে আরেকজন তাঁকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে একটি বাড়িতে রাখেন। পরদিন অপর এক ব্যক্তি তাঁকে টেম্পো ও ট্রেনে করে প্রথমে কলকাতার শিয়ালদহ এবং পরে হাওড়া স্টেশন হয়ে রেলপথে দিল্লি নিয়ে যান। সেখানে একটি পরিবারের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। পরে তিনি জানতে পারেন, তাঁকে সেখানে বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। অপর নারীও (৩৫) একই কথা জানান।তাঁরা দুজনই বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার দিল্লির ওই পাচারকারী চক্রের সদস্য তাঁদের দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনে তুলে দিয়ে বলেন, তাঁদের টাকা তাঁরা পেয়ে গেছেন। তাই তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে এক ব্যক্তি তাঁদের গ্রহণ করে বেনাপোল সীমান্তে নিয়ে আসেন। রাতে তাঁদের সীমান্ত পার করে এক নারীর হাতে তুলে দেন। ওই নারী তাঁদের খুলনাগামী একটি বাসে তুলে দেন।পাচারের ঘটনায় করা মামলার বাদী এক নারীর মা প্রথম আলোকে বলেন, ‘খাই না খাই তবু মেয়েটাকে নিয়ে এক সঙ্গে থাকতে পারব। গ্রামের আর কোনো মেয়ে যাতে পাচার না হয় সে জন্য রোকনসহ অন্য আসামিদের শাস্তি চাই।’