দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের একজন খাদিজা আক্তার (২০) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত রোববার মধ্যরাতে পুলিশ মাদারটেকের নতুনপাড়ার নিজ বাসার দরজা ভেঙে আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খাদিজা তাঁর মা-বাবার সঙ্গে নতুনপাড়ার ওই বাসায় থাকতেন। চার মাস আগে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী সামীর আহমেদের সঙ্গে তাঁর বিয়ে হয়।
খাদিজার বোন হাসিনা বলেন, খাদিজা রাত ১০টার দিকে খাওয়া শেষে শোয়ার ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ডাকাডাকি করলে তাঁর সাড়া মেলেনি। একপর্যায়ে জানালা দিয়ে তাঁকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে সবুজবাগ থানায় জানালে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি আবদুল লোকমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
অন্যদিকে, গত রোববার সন্ধ্যায় কে বা কারা অজ্ঞাত এক নারীকে দক্ষিণখানের কে সি হসপিটালের সামনে ফেলে রেখে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর ওই নারী মারা যান। পরে দক্ষিণখান থানার পুলিশ ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরনে রয়েছে লাল-নীল রঙের সালোয়ার ও কামিজ। বয়স আনুমানিক ২০ বছর।
দক্ষিণখান থানার এসআই আফজাল হোসেন বলেন, সন্দেহ করা হচ্ছে, নারীটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।