দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
ডেমরা ও পল্লবীতে গতকাল মঙ্গলবার দুপুরে এবং গত সোমবার দিবাগত রাতে ও দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন তাসলিমা জাহান (২২) ও সাদিয়া সুলতানা (২১)।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন, তাসলিমার স্বামী রিপন মিয়া ইতালিপ্রবাসী। শাশুড়ির সঙ্গে তিনি ডেমরার সারুলিয়ায় থাকতেন। মঙ্গলবার দুপুরে বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে।
শাহাদাত আরও বলেন, মরদেহের পাশাপাশি ওই কক্ষ থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটি তাসলিমার লেখা কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ ছাড়া সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসা থেকে সাদিয়া সুলতানার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাত-আট মাস আগে ইমতিয়াজ আহমেদের সঙ্গে বিয়ে হয় তাঁর।
গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাদিয়ার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় সেখানে সাদিয়ার ছোট বোন নাজনীন সুলতানা বলেন, বিয়ের শুরুতে তাদের সংসার ভালোই চলছিল। কিছুদিন পর থেকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন ইমতিয়াজ। এ নিয়ে সাদিয়া ও ইমতিয়াজের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ জন্যই সাদিয়া আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।