দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, বৃদ্ধের রক্তমাখা লাশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে এক বৃদ্ধের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া দুই গৃহবধূ হলেন সীমা আক্তার (২২) ও ফরিদা আক্তার (২৮)। নিহত বৃদ্ধের নাম ইসমাইল হাসান (৭০)।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর—
জুড়ী (মৌলভীবাজার): সীমা আক্তার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। সীমার স্বজনেরা বলেন, বিয়ের পর থেকে দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে শাশুড়ি ও স্বামী প্রায়ই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত বৃহস্পতিবার বিকেলে সীমা বিষ পান করেছেন বলে তাঁরা খবর পান। পরদিন রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমা মারা যান। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়। হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গত শনিবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সীমার ভগ্নিপতি আবদুস সালাম বলেন, গতকাল রোববার তিনি জুড়ী থানায় লিখিত অভিযোগ দিতে যান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাঁরা আদালতে মামলা করবেন।
মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও শামছুল আলম ফোন ধরেননি। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, অভিযোগ পেলে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা রুজু করে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
নান্দাইল (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাইভাকুড়ি মহল্লা থেকে পুলিশ গতকাল ফরিদা আক্তারের লাশ উদ্ধার করে। তিনি ওই মহল্লার মো. শহীদ মিয়ার স্ত্রী। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শহীদ মিয়ার দুজন স্ত্রী। ফরিদা হচ্ছেন প্রথম স্ত্রী। গতকাল সকালে ফরিদার লাশ তাঁর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ঘটনার পর শহীদ ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
হবিগঞ্জ: নিহত ইসমাইলের বাড়ি খুলনার পাইকগাছা এলাকায়। তিনি স্থানীয় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে চুনারুঘাট উপজেলার আদুরি ইটভাটার শ্রমিকেরা কাজে যাওয়ার সময় ব্রিক ফিল্ডের কাছের একটি খালে রক্তাক্ত লাশ দেখতে পান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে। পরে শ্রমিকেরা লাশ শনাক্ত করেন। তাঁরা বলেন, নিহত ব্যক্তি আদুরি ব্রিক ফিল্ডেই কাজ করতেন। তিনি গত শনিবার সন্ধ্যায় কাজ শেষে একই উপজেলার শানখলা মেলায় যাবেন বলে কারখানা থেকে বের হন। কিন্তু আর ফেরেননি।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, তাঁরা লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছেন।