দুই নারীর লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও ও শাহ আলী এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঁরা হলেন গৃহবধূ পারভীন আক্তার (৪৫) ও মনিরা আক্তার (২০)।পুলিশ সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে খিলগাঁওয়ের ২৯৯/৪ সিপাইবাগের একটি বাসা থেকে গৃহবধূ পারভীন আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, এক বছর আগে পারভীনের স্বামী আবদুর রহিম মারা যান। এরপর পারভীন তাঁর দুই ছেলে নিয়ে সিপাইবাগে থাকতেন। সোমবার পারিবারিক বিষয় নিয়ে এক সন্তানের সঙ্গে পারভীনের কথাকাটাকাটি হয়। এর পরই গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। গত সোমবার গভীর রাতে শাহ আলী থানার নিউ সি-ব্লকের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির চতুর্থ তলার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ মনিরা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার কর হয়।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, মনিরার স্বামী সোবহান মিয়া গাড়িচালক। সিনেমা দেখতে না নেওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেন। এ ব্যাপারে শাহ আলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মনিরার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।