দুই নারীসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল রোববার বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া জীবননগর, ঝিনাইদহের কালীগঞ্জ, মাগুরার শ্রীপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: দর্শনা-মুজিবনগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা এলাকায় গতকাল বেলা দেড়টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের মো. কালু চেরাকীর স্ত্রী ছলেহা বেগম (৫০), তাঁর ছেলে রবিউল ইসলামের স্ত্রী মঞ্জিলা খাতুন (২৫) এবং একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী ভেজালী খাতুন (৩০) নিহত হন। এর আগে শনিবার সকালে জীবননগর উপজেলার বাড়ডাঙ্গা এলাকায় ট্রাক্টরের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমনের যাত্রী মহেশপুর উপজেলার গুরদা গ্রামের বাসিন্দা শ্যামকুড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হোসেন (৪৮) নিহত হন।ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের যাত্রী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুস আলী (৪৫) নিহত হন।মাগুরা: মাগুরা-শ্রীপুর সড়কের শ্রীপুর উপজেলার বরিশাট গ্রাম এলাকায় শনিবার দুপুরে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান গ্রামবাংলা পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী শ্রীপুরের তারাউজিয়াল গ্রামের ইমন হোসেনের স্ত্রী আশা বেগম (২৪) নিহত হন।