দুই নারীসহ তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া, চাঁদপুরের হাজীগঞ্জ ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন কাউন্সিলর পদে জয়ী হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাহেলা। সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে রাহেলা, মনোয়ারা খাতুন ও ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দেন। তবে প্রস্তাবকারী ও সমর্থনকারী একাধিক মনোনয়নপত্রে স্বাক্ষর করার অভিযোগে মনোয়ারা খাতুন ও ফরিদা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার। তাঁর প্রতিদ্বন্দ্বী সাহিদা বেগমের মনোনয়নপত্রটি সনদের সমস্যার কারণে গত ২ জানুয়ারি বাতিল হয়ে যায়। রিটার্নিং অফিসার নাসির-উদ-দৌলা জানান, সোমবার প্রতীক বরাদ্দের দিন অন্য কোনো প্রার্থী না থাকায় বেসরকারিভাবে জেসমিন আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয়।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন। রিটার্নিং কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী জানান, গত ১৯ ডিসেম্বর রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জালাল উদ্দিন ও নাজিম উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। গত ২ জানুয়ারি নাজিম উদ্দিন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জালাল উদ্দিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।