দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার ব্যক্তিগত কর্মচারী আমিনুল ইসলাম হত্যার ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ চট্টগ্রামের ফটিকছড়ি হাটহাজারী এলাকা থেকে তাঁদের আটক করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আমিনুল ইসলাম মুরাদপুর এলাকায় এক ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। সে সুবাদে ছাত্রী ও তার মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনার জের ধরেই তাঁকে খুন করা হয়। খুনিরা তাঁকে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমদি মুজাহিদনগর সড়কের কাছে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।
আমিনুল যে বাসায় ভাড়া থাকতেন, তার মালিক হযরত আলী জানান, নয় বছর আগে বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে আমিনুল তাঁর এক আত্মীয়ের সঙ্গে থাকতেন। পরে আত্মীয় চলে গেলে তিনি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এক ব্যক্তির সঙ্গে থাকতেন। এরপর গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দুই নারী আমিনুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁর খোঁজ ছিল না।