দুই নিরাপত্তাকর্মী আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দুই আসামিকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা হলেন সাংবাদিক দম্পত্তির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল ও এনামুল হক।
গতকাল মঙ্গলবার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। গত ২১ অক্টোবর পলাশ ও এনামুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যাব। গতকাল দুই আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে গিয়ে তাঁদের সহযোগী আসামিদের সঙ্গে যোগাযোগ করেন। ওই সহযোগীদের বিষয়ে মুঠোফোন নম্বর সংগ্রহ ও তাদের নাম-ঠিকানা জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে গিয়ে তদন্তে ব্যর্থতার দায় স্বীকার করে। পরে উচ্চ আদালত র্যাবকে এ মামলা তদন্ত করার নির্দেশ দেন।
২০১২ সালের মাঝামাঝি থেকে র্যাব বলা শুরু করে এনামুল গ্রেপ্তার হলেই সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এনামুলকে ধরতে ১০ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়। গত বছরের ৯ ফেব্রুয়ারি এনামুল গ্রেপ্তার হলেও তাঁর কাছ থেকে কোনো তথ্যই পায়নি র্যাব।