দুই নির্বাহী প্রকৌশলীকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের বিষয়ে দেওয়া প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা এবং পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ নভেম্বর আদালতে হাজির হয়ে তাঁদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলায় দক্ষিণাঞ্চলের বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো মেরামত না করার বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ২ মার্চ হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১১ মার্চ আদালত রুল দেন। রুলে জানতে চাওয়া হয়, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই সঙ্গে তিন মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের বিষয়ে জরিপ করে প্রতিবেদন দিতে বলেন আদালত।
আদালতের নির্দেশ অনুসারে পাউবোর পক্ষে ১১ আগস্ট চার জেলার নির্বাহী প্রকৌশলী প্রতিবেদন দেন। ২০ আগস্ট প্রথম আলোর পক্ষে প্রকাশিত সংবাদের সত্যতা প্রতিবেদন দেওয়া হয়। গতকাল প্রতিবেদনগুলো পর্যালোচনার পর আদালত এ আদেশ দেন। আদেশে বলা হয়, বরগুনা ও পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীর দেওয়া প্রতিবেদন দুটি সন্তোষজনক নয়। এ দুটির ভাষা প্রায় একই ধরনের। এ জন্য পাউবোর বরগুনা ও পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীকে ৪ নভেম্বর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। প্রথম আলোর পক্ষে ছিলেন আফতাব উদ্দিন ছিদ্দিকী। পাউবোর পক্ষে ছিলেন জামালউদ্দিন আহমেদ।