দুই নির্মাণশ্রমিকসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই নির্মাণশ্রমিকসহ চারজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন মন্নাফ মিয়া (৪৫), তোতা মিয়া (৪০), আসলাম খান (৪৫) ও ঝুমা আক্তার (২৪)।

পুলিশ জানিয়েছে, আদাবর এলাকার একটি বহুতল ভবনে কাজ করার সময় বিকেলে অষ্টম তলা থেকে পড়ে যান মন্নাফ মিয়া। গুরুতর অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। এদিকে সকালে রামপুরা এলাকার ১০ তলা ভবনের নবম তলা থেকে পড়ে যান নির্মাণশ্রমিক তোতা মিয়া। তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তোতা মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।

গতকাল মগবাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় ৬ নম্বর বাসের নিচে চাপা পড়ে আসলাম খান মারা যান। রমনা থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে আসলাম খানকে শনাক্ত করা হয় বলে তিনি জানান। ডেমরায় ঝুমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুমার বড় বোন রুমা আক্তার বলেন, বেলা দুইটার দিকে রুমার স্বামী খালেক মাহমুদ মুঠোফোনে ঝুমার অসুস্থতার কথা জানান। বাসায় এসে বোনকে অচেতন অবস্থায় দেখতে পান রুমা। এ সময় চিকিৎসার জন্য টাকা সংগ্রহের কথা বলে খালেক বাসা থেকে বের হয়ে যান। এরপর আর ফেরেননি। পরে স্থানীয় লোকজন রুমাকে প্রথমে ডেমরার একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।