দুই নেতা আত্মগোপনে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার সকালে ওই তিনজনকে আটক করে। তবে দুই নেতা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী ওরফে কালা মিয়ার সঙ্গে আবদুল আলী নামের আরেকজন পাথর ব্যবসায়ী পক্ষের সংঘর্ষ হয়। তখন গুলিবিদ্ধ হয়ে হরমুজ আলী ও রুহুল আমিন নামের দুজন পাথর শ্রমিক নিহত হন। আহত হন আরও ২৫ জন। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত রুহুল আমিন (২৮) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলীর ভাগনে। পাথর ব্যবসায় তিনি আপ্তাব আলীর পক্ষেই ছিলেন। সম্প্রতি তাঁর পক্ষ ছেড়ে আবদুল আলীর পক্ষে যোগ দিয়েছিলেন। অন্যদিকে নিহত হরমুজ আলী ছিলেন আবদুল আলীর চাচা। সংঘর্ষের সময় হরমুজকে কুপিয়ে ও রুহুলকে গুলি করে হত্যা করা হয়। সংঘর্ষে আহত ২৫ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে আটজন গুলিবিদ্ধ।
পুলিশ জানায়, পাথর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পূর্ববিরোধের জের ধরে আপ্তাব আলী ও আবদুল আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে হতাহতের খবর পেয় উভয় পক্ষের দুই নেতাসহ সবাই গা ঢাকা দিয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ) এনামুল কবির গতকাল বিকেল চারটায় সাংবাদিকদের জানান, এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত ব্যক্তিদের পরিবার শোকসন্তপ্ত থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।