দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দল ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নেতা হলেন সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউনুছ মিয়া (৩৭) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর বাদশা (৩২)। দুজনের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম হোসেন।
গত শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় পৌরসভার নুনাছড়া এলাকায় মুখোশধারী সন্ত্রাসীরা আবুল কাসেমকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত কাসেমের স্ত্রী জেসমিন আকতার গতকাল রাতে গ্রেপ্তার দুই নেতাসহ সাতজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। তাঁর দাবি, পৌরসভা নির্বাচনে তাঁর স্বামী কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তাঁকে সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ কারণে রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। এ ছাড়া জায়গা-সংক্রান্ত বিরোধের কারণেও এটি ঘটতে পারে।
সীতাকুণ্ড মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে।