দুই নেতা 'গুমে'র প্রতিবাদ জানাতে ভোটের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওরফে পারভেজের নিখোঁজ হওয়ার তিন মাস পূর্ণ হবে কাল বৃহস্পতিবার। ওই দিনই অনুষ্ঠিত হচ্ছে লাকসাম উপজেলা পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এককাট্টা হয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন সাধারণ ভোটাররাও। ব্যালটের মাধ্যমে দুই নেতা ‘গুমে’র প্রতিবাদ জানাতে মুখিয়ে আছেন ভোটাররা। ভোটের প্রচারণায়ও ঘুরেফিরে দুই নেতার নামই উচ্চারিত হচ্ছে। লাকসামের প্রত্যন্ত এলাকা ঘুরে সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে এমন ভাষ্য পাওয়া গেছে। লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমান ওরফে বাদল দোয়াত-কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ১৯-দলীয় জোট তাঁকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দলের দুই সভাপতির গুম হওয়ার বিষয়টি তুলে ধরছেন। গতকাল মঙ্গলবার ছিল প্রচারণার শেষ দিন। এদিন মুদাফফরগঞ্জ, পরানপুর, নাওটি ও লাকসাম পৌর এলাকার অর্ধশতাধিক ভোটার বলেন, ‘নিখোঁজ দুই নেতাকে ফিরিয়ে আনতে আমরা এবার ভোট দেব। ক্ষমতাসীন দল ফলাফল ওলটপালট করার চেষ্টা করলে, জনতা বসে থাকবে না।’ হিরু-হুমায়ুন মুক্তি পরিষদের আহ্বায়ক ও লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, দুই নেতা লাকসামে অত্যন্ত জনপ্রিয়। তাঁদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি এককাট্টা হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন, ‘দলের দুই সভাপতি নিখোঁজের পর লাকসাম বিএনপিতে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য সময় গুনছে। সুষ্ঠু ভোট হলে বিএনপি এবারও জয়ী হবে।’
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস ভূঁইয়া ও লাকসাম উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক মো. গোলাম মোস্তফা। নির্বাচনে তিনজন ভাইস চেয়ারম্যান ও দুজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
২৭ নভেম্বর রাতে সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীরকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকার সড়কে অ্যাম্বুলেন্স থেকে র‌্যাব পরিচয়ে নামিয়ে নেয় একদল লোক।