দুই নেতাকে চট্টগ্রাম থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী দুই বিএনপি নেতাকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হককে কুমিল্লা নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার নাশকতার মামলার আসামি বিএনপির নেতা আসলাম চৌধুরী ও এনামুলক হককে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আরও কয়েকজন বন্দীকে স্থানান্তর করা হবে। তবে ওই দুই নেতাকে কী কারণে কুমিল্লায় পাঠানো হয়েছে, তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরী জানান, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, হৃদ্রোগসহ নানা রোগে ভুগছেন তাঁর ভাই। তাঁকে হঠাৎ করে কুমিল্লায় স্থানান্তর করায় তাঁরা শঙ্কায় আছেন। কারা সূত্র জানায়, দুই নেতার সঙ্গে কারাগারে তাঁদের স্বজনেরা ও নেতা-কর্মীরা সাক্ষাৎ করতেন।
গত ৫ জানুয়ারি নগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অভিযান চালিয়ে আসলাম চৌধুরী, এনামুল হকসহ প্রায় ২৯৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।