দুই নেতাকে সমন্বয়কের দায়িত্ব দিচ্ছে বিএনপি
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে দলের দুজন জ্যেষ্ঠ নেতাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উত্তরে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও দক্ষিণে কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে এই দুজনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সেখানে অনানুষ্ঠানিক বৈঠকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
চেয়ারপারসনের বাসা থেকে বের হয়ে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে দলের নেতা-কর্মীদের মাঠে থাকতে বিএনপির চেয়ারপারসন নির্দেশ দিয়েছেন।
জমির উদ্দিন সরকার বলেন, বৈঠকে সিটি নির্বাচন ও সারা দেশের বার কাউন্সিল নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন কোনো ‘স্ট্রাইক’ নেই।