জয়পুরহাটের আক্কেলপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন (৪০) ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ টিপুকে (৩৫) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ তাঁদের এই দণ্ড দিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউপির নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে মনোনয়নপত্র দাখিল ও সংগ্রহের কাজ চলছিল। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ টিপুকে আটক করে নিয়ে যায়। এরপর মঙ্গলবার রাতেই তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন।