দুই নেতার নামে মামলা, বুড়িচং ছাত্রলীগের কমিটিবিলুপ্ত
কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান ওরফে রুমেল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাদক এবং হত্যা মামলার আসামি। এ কারণে তাঁদের নিয়ে গঠন করা ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল রোববার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের জরুরি সভা হয়। এতে মতিউর রহমান নেশাজাতীয় দ্রব্যসহ র্যাবের হাতে আটক হওয়ায় এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম ওরফে পলাশ হত্যায় জড়িত থাকায় বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ছাত্রলীগের সব কার্যক্রমের সঙ্গে তাঁদের সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে।
র্যাব, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় র্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ দল বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তারা মতিউর ও তাঁর সঙ্গী বিল্লাল হোসেনের কাছ থেকে ২৫০টি ইয়াবা বড়ি ও পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করে। এগুলো রাখার অভিযোগে র্যাব তাঁদের বিরুদ্ধে শনিবার বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। বুড়িচং থানার পুলিশ ওই দিনই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে আরও জানা গেছে, ছাত্রলীগের নেতা আলমগীর হোসেন একই সংগঠনের অপর নেতা সারওয়ার আলম হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত বছরের ১৮ ডিসেম্বর কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। আলমগীর ও তাঁর সঙ্গীরা গত বছরের ৩ ডিসেম্বর ছুরিকাঘাত করে সারওয়ারকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ বলেন, সংগঠনের বুড়িচংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও মামলা থাকায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুড়িচং থানার ওসি মনিরুল বলেন, র্যাব ছাত্রলীগের নেতাকে আটক করে মাদকের মামলা দিয়েছে। আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।