বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও খন্দকার মোশাররফ হোসেন কাশিমপুর কারাগারে। সেখানে থেকেই এম কে আনোয়ার হোমনা পৌরসভায় দলের সদস্য নন, এমন একজনকে মেয়র পদে দলীয় প্রার্থী করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে দলের দুই নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।
আর মোশাররফ হোসেন দাউদকান্দিতে দলের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন। এ অবস্থায় উভয় পৌরসভায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। গত সোমবার হোমনা ও দাউদকান্দি ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
হোমনা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এম কে আনোয়ারের সমর্থিত অবসরপ্রাপ্ত সরকারি বন কর্মকর্তা মো. আবদুল লতিফ। এ পৌরসভায় দলের বিদ্রোহী মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর সরকার ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া। দাউদকান্দিতে বিএনপির মেয়র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি কে এম আই খলিল। খন্দকার মোশাররফ হোসেনের স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন সরকার।
সোমবার দুপুরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এম কে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, উপজেলা ও পৌর কমিটির মধ্য সারির কিছু নেতা চেয়ার পেতে বসে আছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার বলেন, ‘এম কে আনোয়ারের সঙ্গে কারাগারে আমরা দেখা করেছি। তিনিই আবদুল লতিফকে মেয়র পদে প্রার্থী করেছেন। এ প্রার্থী নিয়ে দলের একটা অংশ বিরোধিতা করছে। দলে তাঁর (লতিফ) পদ না থাকলেও তিনি বিএনপির সমর্থক। নেতার নির্দেশ মেনে আমরা কাজ করছি।’
আবদুল লতিফ বলেন, ‘এম কে আনোয়ার সাহেব আমাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। দলের পদে না থাকলেও আমি বিএনপি করি। যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।’
বিদ্রোহী মেয়র প্রার্থী আলমগীর সরকার বলেন, আবদুল লতিফকে বিএনপির কেউ মেনে নিতে পারছেন না। তিনি একটি সিন্ডিকেটের প্রার্থী। আরেক বিদ্রোহী প্রার্থী মো. হানিফ মিয়া বলেন, ‘অদৃশ্যক্ষমতাবলে তিনি (লতিফ) মনোনয়ন পেয়েছেন। দলের মধ্যে বহু ভালো প্রার্থী ছিলেন। তাঁদের দিলেও কষ্ট থাকত না। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব।’
জানতে চাইলে এম কে আনোয়ারের ছেলে মাহমুদ আনোয়ার বলেন, ‘যতটুকু শুনেছি, হোমনায় বিএনপির মেয়র প্রার্থী আবদুল লতিফ। তাঁর প্রার্থিতার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। বাবা এগুলো দেখেন।’
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র প্রার্থিতা নিয়ে দলে মতবিরোধ দেখা দেয়। এ ব্যাপারে দলের কোনো নেতা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। বিএনপির মেয়র প্রার্থী কে এম আই খলিল বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। ভালো করব।’ বিদ্রোহী প্রার্থী নূরুল আমিন বলেন, ‘মোশাররফ স্যারের পরিবার ও বিএনপি আমার সঙ্গে আছে।’
খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন গতকাল মঙ্গলবার বলেন, ‘দল মেয়র প্রার্থী নিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছে। আব্বা আরেকটা সিদ্ধান্ত দিয়ে একজনকে মেয়র পদে দাঁড় করিয়েছেন। এখন দেখা যাক, কী হয়।’
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, ‘দাউদকান্দিতে মোশাররফ স্যারের লোক মনোনয়ন পাননি। এটা নেত্রী ভালো জানেন। হোমনায় এম কে আনোয়ারের লোক পেয়েছেন। দুই বর্ষীয়ান নেতার এলাকা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি চান্দিনা নিয়ে আছি। তবে নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার।’