দুই নেতা-কর্মীকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
অভিযুক্ত ওই দুই নেতা-কর্মী হলেন উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী আবদুল মান্নান কাজী।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আটাবহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজি ইউনুছ, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। ওই অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আটাবহ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন মোল্লা ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী আবদুল মান্নান কাজীর নেতৃত্বে হামলা চালানো হয়। তাঁরা হামলা চালিয়ে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়ে ফেলেন এবং ১৮ ডেক খিচুড়ি ফেলে দেন। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়। বক্তারা অবিলম্বে তাঁদের দল থেকে বহিষ্কার করার দাবি জানান।
জানতে চাইলে আলাউদ্দিন মোল্লা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়।’ আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।