দুই নেত্রী দেশের স্বার্থকে ঊর্ধ্বে রাখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ শ্যাবট
স্টিভ শ্যাবট

মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসংশ্লিষ্ট পররাষ্ট্র-বিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট আশা প্রকাশ করে বলেছেন, দুই নেত্রী নিজেদের স্বার্থ দূরে সরিয়ে দেশের স্বার্থকে ঊর্ধ্বে রাখবেন। নির্বাচন-প্রক্রিয়ার ব্যাপারে যৌক্তিক সমাধানের পথে অগ্রসর হবেন তাঁরা। স্টিভ শ্যাবট গতকাল বুধবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করেছেন, দুই নেত্রী সরাসরি কিংবা তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচন-প্রক্রিয়া নিয়ে সমাধানের জন্য আলোচনা করবেন। এর ফলে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা যাবে। চার দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল স্টিভ শ্যাবট আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের প্রথম দিন তিনি বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে দেখা করেন।

দুই নেত্রীর সঙ্গে আলোচনার পর কী অভিমত হয়েছে, জানতে চাইলে রিপাবলিকান পার্টির এই কংগ্রেস সদস্য বলেন, ‘সমর্থকদের সহিংসতা বন্ধের জন্য সাধ্যমতো সবকিছু করতে আমি দুই পক্ষকেই আহ্বান জানিয়েছি। নির্বাচনকালে সহিংসতার কোনো জায়গা নেই। অন্য সময়েও রাজনীতিতে সহিংসতার কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক সহিংস ঘটনা ঘটছে। এটা খুবই বিপজ্জনক। বিশেষ করে, নির্বাচনের দিনক্ষণ যখন ঘনিয়ে আসছে, যেকোনো কারণেই হোক না কেন, এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে লোকজনকে সহিংসতায় মদদ দিচ্ছে কিংবা সহিংসতা বন্ধ করতে বলছে না। অথচ দুই পক্ষই সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে।’

স্টিভ শ্যাবট বলেন, ‘দুই নেত্রী কীভাবে সমঝোতায় পৌঁছাবেন, সেটা আমার জানা নেই। সময়ই তা বলে দেবে। বিএনপির চেয়ারপারসন আমাকে জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে তিনি সরকারের সঙ্গে আলোচনায় রাজি আছেন। তাঁর এ অবস্থানের বিষয়টি আজ (গতকাল) সকালের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছি। এ অবস্থান তিনি প্রত্যাখ্যান করেননি।’ বাংলাদেশের সংঘাতময় রাজনীতি যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে বলে উল্লেখ করেন স্টিভ শ্যাবট। শ্যাবট বলেন, এখানকার রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে জয়ী ব্যক্তি সব নিজের দখলে নেয়। অন্যের, বিশেষ করে বিরোধী পক্ষের মতকে সে উপেক্ষা করে। এটা মোটেই সহায়ক নয়।

সহিংসতা ও আর সংঘাতময় রাজনীতির পথ থেকে সরে আসতে তিনি রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন। স্টিভ শ্যাবট বলেন, কর্মী-সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে তাঁদের ওপর নেতৃত্বের কর্তৃত্ব থাকতে হবে। সহিংসতায় জড়িত হওয়া কর্মীদের তাঁরা এ বার্তাই দেবেন—রাজনীতিতে তোমার কোনো স্থান নেই। যদি তাঁরা সেটা করেন, তবে পুরোপুরি না হলেও সহিংসতা কমবে। অতীতেও সহিংসতার কারণে রাজনীতিবিদেরা ও তাঁদের পরিবারের সদস্যরা এর মাশুল দিয়েছেন। দায়িত্বশীল রাজনীতিবিদদের কাজই হচ্ছে কর্মীদের সংঘাত-সহিংসতা থেকে নিবৃত্ত করা।

২০০৬ সালে প্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন স্টিভ শ্যাবট। তখন বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন বিরোধীদলীয় নেত্রী। আর বর্তমান বিরোধীদলীয় নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী। চলমান সাংঘর্ষিক রাজনীতি অব্যাহত থাকলে দুই বছর পর কেমন হবে বাংলাদেশের চেহারা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাঁদের কেউই নিশ্চয় কারাবন্দী হতে চাইবেন না। আমরা আশা করি, এমনটা আগামী দিনে ঘটবে না। দুই বছর পরে কী ঘটতে যাচ্ছে, সেটা এখনই বলা সম্ভব নয়। একজন আশাবাদী মানুষ হিসেবে আমার আশাবাদ হচ্ছে, দুই নেত্রী শেষ পর্যন্ত সরাসরি কিংবা তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে আলোচনা করবেন। এর মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের পথ খুঁজে বের করবেন। নির্বাচনে যে দলই জিতুক, দেশের জন্য কাজ করবে।’

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্টিভ শ্যাবট বলেন, ‘আইনমন্ত্রী জানিয়েছেন, সবকিছুই ঠিকঠাক মতে চলছে। এ বিষয়ে মানবাধিকারকর্মী, বিরোধী দল ও মার্কিন দূতাবাস কর্মকর্তা—সবার সঙ্গে কথা বলেছি। ৪২ বছর আগে যা ঘটেছে তার বিচার হতে হবে। তবে বিচারটি হতে হবে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার অনুসরণে। তবে বিচার-প্রক্রিয়ায় বাদী ও আসামিপক্ষের সমান সুযোগ পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে। এ ধরনের বিচারের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক ন্যূনতম মান পূরণ হওয়া বাঞ্ছনীয়। একজন আইনজীবী হিসেবে এ বিচার-প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান পূরণের বিষয়ে আমার উদ্বেগ রয়েছে।’ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও স্টিভ শ্যাবট গতকাল আইনমন্ত্রী শফিক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া জামায়াতের একটি প্রতিনিধিদল এবং নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে তাঁর বৈঠক হয়।