প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, দুই নেত্রীর ওপর ভরসা করে লাভ নেই। কারণ তাঁরা নিজ ইচ্ছায় রাজনীতিতে বা দেশ পরিচালনায় আসেননি। এ ক্ষেত্রে তাঁদের পূর্ব কোনো অভিজ্ঞতাও ছিল না।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এবিএম মূসা এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বর্তমান দুরবস্থার জন্য দুই নেত্রী নয়, যেসব নেতা তাঁদের রাজনীতিতে এনেছেন, তাঁরাই দায়ী। ‘দুই নেত্রীর ওপর দায় চাপিয়ে কি গণতন্ত্র রক্ষা হবে?’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল।এবিএম মূসা বলেন, বঙ্গবন্ধু ও জিয়া-পরবর্তী রাজনৈতিক নেতারা নিজেদের ঝগড়ার কারণে যখন একমত হতে পারছিলেন না, তখন কিছু মধ্যম সারির নেতা একজনকে নয়াদিল্লি থেকে, আরেকজনকে হেঁসেল থেকে নিয়ে এসেছিলেন। তাঁরাই দুই নেত্রীকে বুদ্ধি-পরামর্শ দিয়ে পরিচালিত করেছেন। সুতরাং দুই নেত্রীর ওপর দায় চাপিয়ে লাভ নেই। তাঁদের বুদ্ধি-পরামর্শদাতা ওই মধ্যম সারির নেতারাই রাজনীতির এই দুরবস্থার জন্য দায়ী।এবিএম মূসা মনে করেন, মধ্যম সারির নেতাদের মধ্যে যাঁরা জনগণের ভোটে নির্বাচিত হন, তাঁদের দ্বারাই গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা হবে। কারণ, জনগণ ভোটের রাজনীতিতে নেতা নির্বাচন করতে কখনোই ভুল করেনি। এ দেশে সব সময় রাজপথেই রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারিত হয়েছে।কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, কার হাতে গণতন্ত্র রক্ষা হবে, কার হাতে হবে না; এই আলোচনা করতে গেলে মতান্তর হবে। তবে এক কথায়, এদের দুজনের দ্বারা গণতন্ত্র রক্ষা হবে না। তিনি বলেন, দুই নেত্রীর পাশাপাশি তাঁদের অনুচর তথা মন্ত্রী-এমপিরাও ব্যর্থ। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের গণতন্ত্র হুমকির জন্য দুই নেত্রীকে দায়ী করে বলেন, ‘স্বাধীনতার ৪১ বছর পরও আমাদের দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় না।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, এরশাদের আমলের চেয়েও গণতান্ত্রিক সরকারের সময়ে দেশ খারাপ অবস্থায় চলে গেছে। বিএনপির আমল শেষ হয়েছে ক্রসফায়ার দিয়ে আর এই সরকারের আমলে রয়েছে গুম।বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘রাজনীতির সমালোচনা করব পরিশুদ্ধ করার জন্য, অপরাজনীতি আনার জন্য নয়। আর এ জন্যই দরকার গণতান্ত্রিক পদ্ধতিতে একটি তৃতীয় শক্তি।’সাংসদ গোলাম মাওলা বলেন, ‘রাজনৈতিক পদ্ধতির কারণে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাচ্ছি। যত দিন এই পদ্ধতির পরিবর্তন না হবে, তত দিন গণতন্ত্রের সংকট দূর হবে না।’ গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ।