দুই নেত্রীকে জন কেরির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কেরি
জন কেরি

দ্রুত ইতিবাচক সংলাপে বসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চিঠি দুটি গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আজ সোমবার সকালে প্রথম আলো ডটকমকে চিঠির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। চিঠির প্রতিপাদ্য সম্পর্কে সাবেক এ পররাষ্ট্রসচিব বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়েছেন। তিনি আরও বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁদের।

জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে দেওয়া জন কেরির চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেরি দুই নেত্রীকে ইতিবাচক সংলাপে বসতে উত্সাহ জুগিয়েছেন এই চিঠির মাধ্যমে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ২৩ আগস্ট দুই নেত্রীকে ফোন করেন। ফোনালাপে রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে তিনি সংলাপে বসার তাগিদ দেন। এর এক মাসের কম সময়ের ব্যবধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সংলাপের আনুষ্ঠানিক তাগাদা দিয়ে চিঠি দিলেন। বান কি মুনের ফোন পাওয়ার দুই দিন আগে ২১ আগস্ট চীনা রাষ্ট্রদূত লি জুন দুই দলকে সংলাপে বসার আহ্বান জানান।
তবে সংলাপে বসার ব্যাপারে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুই দলকে তাগাদা দিল। এর আগে গত ২৬ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন বাংলাদেশ সফরে এসেছিলেন। সফরসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠকের কথা থাকলেও শারমেন শেষ পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেননি। তিনি যেদিন বাংলাদেশে এসেছিলেন, সেদিন বিরোধী দল হরতাল ডাকায় তিনি তাঁর সফরসূচিতে পরিবর্তন আনেন বলে ধারণা করা হয়।