প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে রাষ্ট্রপতির সংলাপ আয়োজনের সুপারিশ করেছে জাকের পার্টি। গতকাল রোববার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে দলটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়। গতকাল বেলা ১১টায় বঙ্গভবনে এ সংলাপ হয়। সংলাপ শেষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্থায়ী কোনো সমাধান নয়। তবে বিদ্যমান বাস্তবতায় রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং বিএনপির প্রধান খালেদা জিয়াকে নিয়ে প্রয়োজনে দীর্ঘ সংলাপে বসতে হবে। এতে সমস্যার সমাধান হবেই। বিষয়টি জাকের পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।’ রাষ্ট্রপতি এককভাবে নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি করলে তা প্রশ্নবিদ্ধ এবং এ নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন জাকের পার্টির চেয়ারম্যান। দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ তরিকত ফেডারেশন। সংলাপ শেষে ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সাংবাদিকদের জানান, তাঁদের পক্ষ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। নজিবুল বশর জানান, তরিকত ফেডারেশন তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পদ্ধতি চালুর সুপারিশ করেছে।