দুই নেত্রীকে বান কি মুনের আবার চিঠি
চলমান রাজনৈতিক সংকটে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আবারও চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আলোচনার মাধ্যমে সংকট সমাধানে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত বুধবার বান কি মুন এই চিঠি পাঠান। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিটি পররাষ্ট্রসচিবের কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের কূটনীতিকেরা। আর বিরোধীদলীয় নেতার কাছে লেখা চিঠিটি বিএনপির একজন কেন্দ্রীয় নেতার কাছে পৌঁছে দেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, জাতিসংঘের একটি চিঠি বিএনপির চেয়ারপারসনকে দেওয়া হয়েছে। তবে চিঠিতে কী বলা হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন টেলিফোনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এই চিঠির কথা স্বীকার করেন। তবে চিঠিতে কী আছে, তা তিনি বলেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জাতিসংঘের মহাসচিব তাঁর চিঠিতে আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সব দল এতে অংশ নেবে।
এর আগে গত মে মাসে রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে উদ্যোগ নিতে চিঠি দেন বান কি মুন। সেই চিঠিতে দুই পক্ষকে সংলাপে বসতে আহ্বান জানানো হয়। ওই চিঠি জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো দুই নেত্রীর কাছে পৌঁছে দেন। তখন বান কি মুন ফোনে দুই নেত্রীর সঙ্গে কথাও বলেন।
তবে জাতিসংঘসহ বিদেশিদের চাপ সত্ত্বেও এখন পর্যন্ত দুই দলের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়নি। দুই দলের দুই সাধারণ সম্পাদকের মধ্যে আলাপ হলেও বিএনপির পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে। সরকারের পক্ষ থেতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই আলোচনার কথা আনুষ্ঠানিকভাবেই সাংবাদিকদের জানিয়েছেন।
এদিকে তারানকো ৬ ডিসেম্বর আবারও ঢাকায় আসছেন। তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।