দুই নেত্রীকে মুখোমুখি বসতে চীনের রাষ্ট্রদূতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লি জুন
লি জুন

স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুখোমুখি সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন। আজ বুধবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

চীনের নৌবাহিনীর চিকিত্সা জাহাজ ‘পিস আর্ক’-এর শুভেচ্ছা সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর ইউএনবির।

লি জুন বলেন, ‘আমি মনে করি, দুই নেত্রী মুখোমুখি আলোচনায় বসলে এটা (সংকট সমাধানে) অনেক সহায়তা করবে। এ অবস্থায় পৌঁছাতে উভয় দল পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে পারে।’

আপনি এই আলোচনার উদ্যোগ নেবেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লি জুন বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, ইতিমধ্যেই আমি তাঁদের আলোচনায় বসানোর জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়েছি। এ চেষ্টা অব্যাহত থাকবে। তাঁদের আলোচনায় বসানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে যাব।’

ভবিষ্যতে চীন এই অবস্থান থেকে সরে যাবে কি না—সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে লি বলেন, ‘এ ক্ষেত্রে আমার উত্তর হলো, “না”।’

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, সরকার সংবিধান থেকে এক চুলও নড়বে না। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন তাঁর দল কোনোভাবেই মেনে নেবে না।