দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বিশিষ্ট কলাম লেখক ও বামপন্থী রাজনীতিক নির্মল সেন বলেছেন, ‘আপনারা সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পদক্ষেপ নিন এবং দেশ, জনগণ ও গণতন্ত্রকে বাঁচান। এ দেশের জনগণ ১/১১-এর মতো ঘটনা আর দেখতে চায় না।’গতকাল শুক্রবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড়া গ্রামে নিজ বাড়িতে তাঁর ৮২তম জন্মদিনের অনুষ্ঠানে নির্মল সেন এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা কেবল দুই নেত্রীর আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে দুই নেত্রীরই সমঝোতার মনোভাব থাকতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, প্রকৌশলী আবু কালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিনজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পূর্ণিমা বিশ্বাস প্রমুখ নির্মল সেনকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।জন্মদিনের অনুষ্ঠানে আসা শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রবীণ রাজনীতিবিদ নির্মল সেন তাঁর জীবনের শেষ ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নিজ গ্রামে একটি মহিলা কলেজ স্থাপন করা আমার জীবনের শেষ ইচ্ছা।’ এই ইচ্ছা পূরণে সরকারসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।