বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে দুই নেত্রীর মধ্যে কখনো আলোচনা হবে না। কারণ, আমের রস ও গাবের রস কখনো এক হয় না। গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির রেস্ট হাউসের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।পাটমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের অধিকাংশ ভবন বিল্ডিং কোড মেনে হয়নি। এ কারণে সাভারে ভবনধসে ব্যাপক প্রাণহানি হয়েছে। এর আগে মন্ত্রী বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের প্রত্যেকটি কক্ষ পরিদর্শন করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং উৎপাদিত সু (জুতো) ও চামড়াজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ-উল-আলম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান কামাল ও বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।